...|...|...

জাতীয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদফতর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, রাত ৮:০২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, রাত ৮:০৩
Shares
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদফতর

ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। সংস্থাটি জানিয়েছে, আইন প্রয়োগে কঠোরতা বোঝাতে আইজিপি শব্দটি ব্যবহার করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার অর্থে তিনি এ শব্দ বলেননি।

সোমবার (২৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

এর আগে একই দিন সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি। তার বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে ব্যাখ্যা দেয় পুলিশ সদরদফতর।

অনুষ্ঠানে আইজিপি বলেছিলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’ এ ছাড়া আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ হেডকোয়ার্টার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন আইজিপি। এ সময় আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে তিনি ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের অনেক ক্ষেত্রে অপরাধী ও সংঘবদ্ধ হামলাকারীদের সরাসরি আক্রমণের মুখে পড়তে হয়।

পুলিশ সদরদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রচলিত আইন, বিশেষ করে দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ ও পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের বিধান রয়েছে।

এদিকে একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। সংস্থাটি জানিয়েছে, সাংবাদিকদের সম্পর্কে ঢালাও মন্তব্য করার উদ্দেশ্য তার ছিল না। বক্তব্যটি অসাবধানতাবশত দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, মানবাধিকার সমুন্নত রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।