কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। অভিযানে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দের পাশাপাশি যানবাহনগুলোর চালকদের আটক করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম এ তথ্য নিশ্চিত করেন। রামু সেক্টরের অধীন ২ বিজিবি এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অভিযানটি চালানো হয়। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চক্রটি মিয়ানমার থেকে এসব অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে বিজিবি সূত্রে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক আইইডি বোমা এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার ও উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম। এসব উপকরণ সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। এসব যানবাহনের চালকদের আটক করেছে বিজিবি। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


