শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২০তমবারের মতো পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির অভিযোগ, বারবার তদন্ত পিছিয়ে যাওয়ায় হাদি হত্যার বিচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় ন্যায়বিচারের দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে দেশজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ৩১ দিনের এই কর্মসূচি ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, হাদি হত্যার তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে যাওয়ায় বিচার কবে হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতে অবস্থানরত হত্যাকাণ্ডে সরাসরি অভিযুক্তদের ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারত সরকারের প্রতি আল্টিমেটাম দেওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলেও দাবি করেছে সংগঠনটি।
তাদের অভিযোগ, হাদি হত্যার বিচার দ্রুত শেষ করার বিষয়ে সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা হয়নি।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দেশের বিভিন্ন জনপদ, বাজার, মাঠ-ঘাট ও মানুষের কাছে গিয়ে তিন দফা দাবি তুলে ধরা হবে।
তাদের তিন দফা দাবি হলো—শহিদ ওসমান হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা, জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা।
কর্মসূচির ঘোষণা অনুযায়ী, বাংলাবান্ধা থেকে যাত্রা শুরুর পর দেশের বিভিন্ন এলাকা অতিক্রম করে ১৫তম দিনে সাভারে পথসভা হবে। এরপর ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করবে সংগঠনটি। সেখান থেকে আবার টেকনাফের উদ্দেশে যাত্রা করবে ‘মার্চ ফর ইনসাফ’। ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবিতে এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়েছে।


