...|...|...

অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় আসছে বিদেশি অপারেটর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ৮:৫১ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, রাত ১:০৮
Shares
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় আসছে বিদেশি অপারেটর

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত নিউ মুরিং কনটেইনার টার্মিনাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের কাছে দেওয়ার প্রক্রিয়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এনসিটি ও ওসিওয়াই পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য এই চুক্তি করা হবে।

পিপিপি কর্তৃপক্ষের প্রকল্প তথ্য অনুযায়ী, দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির আধুনিকায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত চুক্তির আগে আরও কিছু সরকারি অনুমোদন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বর্তমানে এনসিটি পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনীর মালিকানাধীন চট্টগ্রাম ড্রাই ডক কোম্পানি লিমিটেড। টার্মিনালটিতে বছরে প্রায় ১৩ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডেল করা হয়। এটি চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের বড় একটি অংশ।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেল হওয়া মোট কনটেইনারের প্রায় ৪৪ শতাংশ এনসিটির মাধ্যমে পরিচালিত হয়েছে। বন্দরে বর্তমানে এনসিটি ছাড়াও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) চালু রয়েছে।

এনসিটি পরিচালনার জন্য বিদেশি অপারেটর আনার আলোচনা অবশ্য নতুন নয়। ২০২৩ সালের ২৩ মার্চ অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রথম এ প্রকল্পে নীতিগত অনুমোদন দেয়। এরপর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা এগোলেও বিভিন্ন কারণে প্রক্রিয়াটি থেমে যায়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনা শুরু হয়।

গত মে মাসে নৌপরিবহন মন্ত্রণালয় এনসিটি পরিচালনার প্রস্তাব মূল্যায়নের জন্য গঠিত কমিটি পুনর্গঠনের নির্দেশ দেয়। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আলোচনা কমিটিকে সহায়তার জন্য ১২ সদস্যের একটি সাপোর্ট টিম গঠন করে।

এ প্রকল্পে আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ট্রানজেকশন অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। প্রকল্পের যাচাই-বাছাই, চুক্তির কাঠামো তৈরি, প্রস্তাব আহ্বান এবং নির্বাচিত অপারেটরের সঙ্গে আলোচনায় আইএফসি সহায়তা করছে।

এদিকে একই দিনে নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি চিঠি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। একটি চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান প্রক্রিয়া দ্রুত শেষ করা অথবা বাতিল করার কথা বলা হয়। পরে আরেকটি চিঠিতে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলা হয়।

তবে বৃহস্পতিবারের নীতিগত অনুমোদনের ফলে এনসিটি বিদেশি অপারেটরের কাছে দেওয়ার প্রক্রিয়া আবারও আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল। চূড়ান্ত চুক্তিতে অপারেটরের দায়িত্ব, আর্থিক বিষয়সহ অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

এর আগে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে ২২ বছরের চুক্তিতে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসকে পিপিপির আওতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিটি বিদেশি অপারেটরের কাছে গেলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ আরও বাড়বে।