...|...|...

জাতীয়

সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিটের যাত্রা শুরু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ৮:১২ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩২
Shares
সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিটের যাত্রা শুরু

ফাইল ছবি

সাইবার অপরাধ মোকাবিলা এবং ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এ ইউনিটে অর্গানোগ্রাম অনুযায়ী জনবল রাখা হয়েছে ৪ হাজার ৫৯২ জন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে সাইবার অপরাধের ধরনও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ নিয়ে বিশেষায়িত ইউনিটটি কাজ করবে।

তিনি জানান, অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত সাইবার পুলিশ ইউনিটের পাশাপাশি দেশের সব থানা পর্যায়ের কর্মকর্তারাও সাইবার অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাইবার আইন কিংবা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমের কারণে কোনো গণমাধ্যম যেন ভোগান্তির শিকার না হয়, সেদিকেও নজর রাখা হবে।

পুলিশের এই নতুন ইউনিট সাইবার অপরাধ শনাক্ত, তদন্ত ও মোকাবিলায় আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে কাজ করবে।