দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়েছে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।
শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান র্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক।
বিবৃতিতে র্যাক নেতারা বলেন, দুর্নীতি রাষ্ট্র ও সমাজের অগ্রগতি, ন্যায়বিচার, সুশাসন এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতি প্রতিরোধে দুদকের স্বাধীন, নিরপেক্ষ, দৃঢ় ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু আইন প্রয়োগকারী সংস্থার একক দায়িত্ব নয়; বরং এটি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমেই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বিবৃতিতে দুদকের ২২ বছরের পথচলা আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও জন-আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন র্যাক নেতারা। একই সঙ্গে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিশনের প্রতিটি উদ্যোগের সফলতা কামনা করেন তারা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

