...|...|...

অন্যান্য

ঢাকায় চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও ২০০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৭
Shares
ঢাকায় চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও ২০০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান

ঢাকায় চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ঢাকায় অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের নিয়ে ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও শাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান টরিক এবং আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মজিবুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘শুধু কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য এ আয়োজন নয়; বরং এর মূল উদ্দেশ্য পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, শিক্ষা, মেধা ও জ্ঞানচর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগের প্রজন্মের তুলনায় মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমে অনেক এগিয়ে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমাদের দেখলে ভয় লাগে। ভয় লাগে এই কারণে যে, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে। তোমাদের প্রজন্মের নাম জেন-জি।’

নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা অবস্থায় জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, ডাক্তার মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য সহযোদ্ধাকে হারাতে হয়েছে। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করেছিল।

বিগত শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা ভাবতেও পারিনি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে এমন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা তৈরি হবে। গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে, যাঁদের অনেকে এখনো ফিরে আসেননি। স্বজনেরা এখনো তাঁদের অপেক্ষায় আছেন।’

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শহিদুজ্জামান টরিক বলেন, ‘তরুণদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বরং ভবিষ্যতের জন্য যোগ্য উত্তরসূরি তৈরি করা। একজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়াও বড় অনুপ্রেরণার বিষয়, যা দেখে অন্যরাও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত হন। ভালো কাজে বাধা এলেও সাহস ও সদিচ্ছা নিয়ে তা অতিক্রম করতে হবে।’

আরেক বিশেষ অতিথি প্রকৌশলী মো. মজিবুল হক বলেন, ‘শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই লক্ষ্য নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করা জরুরি। শুধু সরকারি চাকরিকে একমাত্র লক্ষ্য না দেখে বেসরকারি খাত, উদ্যোক্তা হওয়া, উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনাও বিবেচনায় রাখতে হবে। সময় নষ্ট না করে দক্ষতা বাড়ানোর মাধ্যমে নিজেদের অবস্থানের পাশাপাশি চুয়াডাঙ্গার সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরিফুজ্জামান, মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ড. মো. ওয়াহিদুজ্জামান, ন্যাচারাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কে নুর-এ-শহীদ রানা, বঙ্গজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক, রয়েল এক্সপ্রেসের পরিচালক মো. সামসুর রশিদ (দীপু) এবং গ্র্যান্ড সৈয়দ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ আসিফুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনটির সভাপতি নোবেল ইসলাম সূর্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আল নোমানের সঞ্চালনায় আয়োজিত এ মিলনমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা অংশ নেন।