...|...|...

অন্যান্য

মেয়াদোত্তীর্ণ কেমিক্যালে কসমেটিক্স তৈরির দায়ে বায়োজিনকে ২ লাখ টাকা জরিমানা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৬
Shares
মেয়াদোত্তীর্ণ কেমিক্যালে কসমেটিক্স তৈরির দায়ে বায়োজিনকে ২ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে তৈরি হচ্ছিল প্রসাধনী। জামালপুরের মেলান্দহে  ‘গ্রীন বায়োটেকনোলজি’ প্রতিষ্ঠানের কারখানায় এমন অনিয়মের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্সি নাংলা এলাকায় কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় আনসার ব্যাটালিয়নের তিন সদস্য সহযোগিতা করেন।

অভিযানকালে কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়া যায়। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে। পরে সেগুলো জব্দ করা হয়। জব্দ করা কাঁচামাল ও রাসায়নিক ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ‘তারা যে কাজটি করছেন, তা অবিশ্বাস্য। যেসব রাসায়নিক ব্যবহার করে পণ্য তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। আমরা বিভিন্ন ধরনের কাঁচামাল জব্দ করেছি। সেগুলো ধ্বংস করা হবে।’

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।