...|...|...

সারাদেশ

কুমিল্লায় সেটেলমেন্ট কর্মকর্তার ঘুষ গ্রহণ ভিডিও করায় গ্রাহককে হেনস্তা

কুুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩০
Shares
কুমিল্লায় সেটেলমেন্ট কর্মকর্তার ঘুষ গ্রহণ ভিডিও করায় গ্রাহককে হেনস্তা

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিসে ভূমি পর্চা নিতে গিয়ে ঘুষের লেনদেন গোপনে ভিডিও করায় এক সেবাগ্রহীতাকে হেনস্তার অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুক্তভোগী জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন, যার ভিত্তিতে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা শহরের পুরাতন জেলা পরিষদ ভবনে অবস্থিত জোনাল সেটেলমেন্ট কার্যালয়ে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী মো. ফাহিম জানান, দুই মাস আগে নিজ বাড়ির ভূমি পর্চা তুলতে তিনি ওই কার্যালয়ে যান। সেসময় ভারপ্রাপ্ত রেকর্ড কিপার মেহরাপ হোসেন তার কাছে ৫০০ টাকা ঘুষ দাবি করেন—যদিও এই সেবার জন্য সরকার-নির্ধারিত কোনো ফি নেই। টাকা হস্তান্তরের সময় ফাহিম কৌশলে তা মুঠোফোনে রেকর্ড করে নেন। পরবর্তীতে অন্যান্য সেবাগ্রহীতাদের থেকেও ঘুষ আদায়ের একাধিক ভিডিও তিনি ধারণ করেন।

বুধবার দুপুরে ফাহিম কার্যালয়ে গিয়ে ওই কর্মকর্তার কাছে বিনামূল্যে পাওয়ার কথা থাকা সেবার জন্য টাকা নেওয়ার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে কর্মকর্তা মেহরাপ হোসেন তার সাথে বাকবিতণ্ডায় জড়ান এবং অফিসে অবস্থানরত বহিরাগত দালালদের উসকে দিয়ে ফাহিমকে হেনস্তা করেন।

হেনস্তার শিকার হয়ে ফাহিম জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করি এবং ভুক্তভোগীকে উদ্ধার করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত কর্মকর্তা মেহরাপ হোসেন গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরামর্শ দেন। তবে এ বিষয়ে বক্তব্যের জন্য জোনাল সেটেলমেন্ট অফিসার (যুগ্মসচিব) মীর শওকত হোসেন ও সহকারী সেটেলমেন্ট অফিসার শাখাওয়াত হোসেনের সাথে একাধিকবার ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।