পিরোজপুরের কাউখালী উপজেলায় বেকুটিয়া সেতুর কাছে কঁচা নদীতে ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে আটকা পড়েন পিরোজপুর জেলা ইজতেমাগামী ৫০ থেকে ৬০ জন যাত্রী। পরে নৌ পুলিশের তৎপরতায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এ বিষয়ে জানানো হয়। খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে।
নৌ পুলিশ সূত্রে জানামি গেছে, বেকুটিয়া সেতুর দক্ষিণে পাঙ্গাশিয়া এলাকায় ইজতেমাগামী যাত্রীদের বহনকারী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নদীতে ভেসে পড়ে এবং যাত্রীরা বিপাকে পড়েন। খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ট্রলারচালক আব্দুল হকের সাথে যোগাযোগ করে ট্রলারটির অবস্থান নিশ্চিত করেন তারা।
পরে ‘আল্লাহর দান’ নামের একটি বিকল্প ট্রলারের ব্যবস্থা করে যাত্রীদের উদ্ধার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তাদের বেকুটিয়া সেতুর পশ্চিম পাশে কঁচা নদীর তীরে অবস্থিত ইজতেমা ময়দানে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া যাত্রীরা নিরাপদে ইজতেমায় অংশ নেন।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হই। ট্রলারচালক আব্দুল হকের সাথে যোগাযোগ করে যাত্রীদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল্প ট্রলারের মাধ্যমে ৫০ থেকে ৬০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহায়তা নেওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।


