...|...|...

বরিশাল

পিরোজপুরে কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিকার্ডসহ গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৪
Shares
পিরোজপুরে কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিকার্ডসহ গ্রেফতার ১

পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ রাউন্ড শর্ট গানের কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিকার্ডসহ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২টি ওয়াকিটকি, ২টি দেশীয় ছোড়া, ১টি খেলনা পিস্তল, ২টি ভুয়া অস্ত্রের লাইসেন্স ও একটি চামড়ার তৈরি অস্ত্রের কভার উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে একটি দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শাওন ইসলাম অপু ওই এলাকার মৃত মো. শাখাওয়াত হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিক নির্দেশনায়, কাউখালী থানার অফিসার ইনচার্জ ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম কাউখালী থানা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনার কালে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন ০৫ নং শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেন এর দোতলা বিল্ডিংয়ের ছাদে অভিযান চালিয়ে শাওন ইসলাম অপুকে গ্রেফতার করে।

এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ৬৯ রাউন্ড শর্ট গানের কার্তুজ, ২টি ওয়াকিটকি, ২টি দেশীয় ছোড়া, ১টি খেলনা পিস্তল, ২টি ভুয়া অস্ত্র লাইসেন্স ও একটি চামড়ার তৈরি অস্ত্রের কভার উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের কয়েকটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে কাউখালী থানা পুলিশ শাওন ইসলাম অপু নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাওনের কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজগুলোর কোনো অস্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতার শাওন ইসলাম অপুর বিরুদ্ধে কাউখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।