...|...|...

সারাদেশ

পাঁচ বছরেও চালু হয়নি আইসিইউ, ৮ দিন ধরে হাসপাতালের সামনে যুবক

জি এম ছানাউল্লাহ, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৭
Shares
পাঁচ বছরেও চালু হয়নি আইসিইউ, ৮ দিন ধরে হাসপাতালের সামনে যুবক

ছবি: টাইমস টুডে

দ্বীপ জেলা ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর দাবিতে টানা আট দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন নয়ন খান নামে এক যুবক। অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় উন্নত চিকিৎসাসেবা না পাওয়ার অভিজ্ঞতা থেকে এ কর্মসূচি শুরু করেন তিনি। তার দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আরও তিন যুবক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ভোলা জেনারেল হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে প্ল্যাকার্ড হাতে অবস্থান করতে দেখা যায় নয়ন খানকে। তার প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু করা হোক।’

ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধা না থাকায় তার বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি।

এ ঘটনার পর গত ২৮ অক্টোবর থেকে হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে প্রতিদিন দুপুরে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন নয়ন। পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নয়ন খান বলেন, ‘আট দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কেউ আজ পর্যন্ত আমার কাছে আসেননি। তারা কেউ জানতে চাননি, কেন আমি এ কর্মসূচি পালন করছি।’

নয়নের দাবির প্রতি সংহতি জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ। তাদের বাড়ি ভোলার বিভিন্ন এলাকায়।

মাহফুজুর রহমান বলেন, ‘নয়নের এ দাবি শুধু তার একার নয়, এটি পুরো ভোলাবাসীর দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে পেরে ঢাকা থেকে ভোলায় এসে তার দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পাশে দাঁড়িয়েছি।’

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, পাঁচ বছর আগে ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপন করা হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে তা চালু করা সম্ভব হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন দ্বীপ জেলার মানুষ।

ভোলা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু, হৃদরোগ ও মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।