গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর হক। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে টিফিন বিরতির পর শ্রেণিকক্ষের করিডরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ সময় মুঠোফোনে ধারণ করা ঘটনার একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
বিষয়টি জানাজানি হওয়ার পর ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করেন। তদন্ত শেষে বুধবার (৪ নভেম্বর) প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।
তদন্ত কমিটির প্রধান ইকবাল হোসেন জানান, রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় সংগৃহীত ভিডিও ও সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক মো. জিয়াউর হক বলেন, ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে বিদ্যালয়ে ফিরে অন্য শিক্ষকদের কাছ থেকে স্লোগান দেওয়ার বিষয়টি জানতে পারেন। এর আগেই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে তার কাছে মিছিলের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে বিদ্যালয়ের সভাপতি ও গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান সিদ্ধান্তটি আইনসম্মত বলে দাবি করেছেন।
তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই নয় শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আইন মেনেই নেওয়া হয়েছে।’


