...|...|...

সারাদেশ

মা হতে পারবেন না স্ত্রী, তাই সাত বছরের সংসারের ইতি টানলেন স্বামী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৫
Shares
মা হতে পারবেন না স্ত্রী, তাই সাত বছরের সংসারের ইতি টানলেন স্বামী

সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী। ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছেন এক স্বামী। সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেও শেষ পর্যন্ত তাকে ফেরাতে পারেননি স্ত্রী ইতি আক্তার।

শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার। ডিভোর্সপ্রাপ্ত নারী ইতি আক্তার গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্থানীয় গ্রাম্য সালিশের বৈঠকে বসে স্বামীকে তালাক না দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন ইতি আক্তার। একপর্যায়ে স্বামীর পা জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানান তিনি। তবে স্ত্রীর এমন আকুতিতেও মন গলেনি স্বামীর। তিনি বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় থাকেন।

ওই নারীর স্বামীর ভাষ্যমতে, গত সাত বছর ধরে তারা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন, তার স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণেই তিনি স্ত্রীর সাথে আর সংসার করতে চান না।

ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। অন্যদিকে, তার স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার বাবনের চর এলাকায়। জানা গেছে, তারা বর্তমানে নরসিংদীতে বসবাস করছিলেন।