...|...|...

সারাদেশ

চালু হওয়ার দুইদিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৯
Shares
চালু হওয়ার দুইদিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭ মাস ১৫ দিন বন্ধ থাকার পর চালু হলেও মাত্র দুই দিনের মাথায় বয়লার লিকেজের কারণে আবারও জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে দীর্ঘদিনের বিরতি শেষে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়েছিল। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরের দিকে বয়লারে নতুন করে লিকেজ দেখা দিলে কর্তৃপক্ষ ইউরিয়া উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়।

কারখানার উৎপাদন প্রধান ফজলুল হক জানান, সার কারখানার অন্যান্য সব প্রক্রিয়া সচল রয়েছে এবং অ্যামোনিয়া উৎপাদন অব্যাহত আছে। বয়লারে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই ত্রুটি মেরামত করে উৎপাদনে ফেরা সম্ভব হবে।

কারখানার তথ্যমতে, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও উত্তরবঙ্গের ২১টি জেলায় ১,৯০০ বিসিআইসি ডিলারের মাধ্যমে এখান থেকে সার সরবরাহ করা হয়। দৈনিক মূল সক্ষমতা ১,৭০০ টন (বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় ১২০০-১৪০০ টন উৎপাদিত হতো)। স্বাভাবিক উৎপাদনে মাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদিত হয় (যার মধ্যে মুনাফা প্রায় ৬০ কোটি টাকা)। কিন্তু কারখানা বন্ধ থাকলেও যন্ত্রপাতি সচল রাখতে প্রতি মাসে প্রায় ৬ কোটি টাকা গ্যাস বিল দিতে হয়।

উল্লেখ্য, গ্যাস সংকট ও নানা যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত টানা ২৩ মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটে পড়ে এটি আবারও বন্ধ হয়ে যায়। সম্প্রতি গ্যাস সংযোগ পাওয়ার পর গ্যাসের চাপ স্বাভাবিক হলে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কারখানাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু চালু হতেই ফের এ যান্ত্রিক বিপত্তি দেখা দিল।