গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য রাজধানীর আগারগাঁও, মিরপুর, শ্যামলী ও কল্যাণপুরসহ বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকেরা গ্যাস সুবিধা পাবেন না।
বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ ও মিরপুর-১০-এর পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকাও এ সাময়িক সরবরাহ বন্ধের আওতায় থাকবে। এর মধ্যে কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের অংশেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানিয়েছে, মেরামতকাজ চলাকালে নির্ধারিত এলাকার বাইরের আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।


