...|...|...

রাজধানী

ঢাকাজুড়ে আ.লীগের নাশকতার ছক, নিয়ন্ত্রণ দেশের বাইরে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৬
Shares
ঢাকাজুড়ে আ.লীগের নাশকতার ছক, নিয়ন্ত্রণ দেশের বাইরে

ছবি: এআই জেনারেটেড।

দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের একটি অংশ বিদেশে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র। তাদের সঙ্গে দেশের ভেতরে থাকা একটি নেটওয়ার্কও সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু কর্মী ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে দেশের বাইরে থেকে নির্দেশনা ও অর্থায়ন আসছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

একটি গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতার নাম প্রতিবেদনে এসেছে। তাদের কয়েকজনকে রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, মিরপুর, গুলিস্তান, মোহাম্মদপুর, ধানমন্ডি, লালবাগ, তেজগাঁও, রমনা ও বাড্ডা—এই ১০টি এলাকাকে পৃথক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কার্যক্রমের সমন্বয়ে যুবলীগের মাইনুল হাসান খান নিখিল ও মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার নাম এসেছে বলে সূত্রের দাবি।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র আরও জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় মাঠপর্যায়ে অর্থ ও বিস্ফোরক সরবরাহকারীদের শনাক্ত করার কাজ চলছে। এসব ঘটনায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের একটি অংশ কিশোর গ্যাংয়ের সদস্য এবং অর্থের বিনিময়ে তাদের ব্যবহার করা হচ্ছে বলেও সূত্রের দাবি।

তবে মাঠপর্যায়ের এসব ব্যক্তির পেছনে থাকা মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত করাকেই এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নাশকতা ঠেকাতে পোশাকধারী পুলিশের পাশাপাশি বিভিন্ন এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নাশকতার অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ এবং নির্দেশদাতাদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে গোয়েন্দা প্রতিবেদনে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।