...|...|...

রাজধানী

বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪১ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৩
Shares
বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে বিমানে ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ওই দুই নেতা ঢাকায় আসছেন-এমন তথ্যের ভিত্তিতে তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকার তথ্য পাওয়ার পর গ্রেফতার দেখানো হয়।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, বর্তমানে দুজনই বিমানবন্দর থানায় রয়েছেন। তাদের গ্রেফতারের বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিমানবন্দর থানা থেকে দুই নেতাকে নিয়ে আসতে শ্রীপুর থানা পুলিশের একটি দল ইতোমধ্যে সেখানে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।