বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। তিনি আক্তারুজ্জামানের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ওমরা পালন শেষে বৃহস্পতিবার দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য যাত্রীদের মতো আক্তারুজ্জামানও বিভিন্ন ধরনের ভোগান্তির মুখে পড়েন। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।
জামায়াতের এই নেতা আরও দাবি করেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে ঘটনার তদন্তের কথা জানিয়েছে। তার দাবি, তদন্ত শেষ হওয়ার আগেই আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে প্রকাশিত মামলার তথ্য অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে আক্তারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিনের যাত্রী ভোগান্তির অভিযোগের কথাও তুলে ধরেন। তার দাবি, অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষা, লাগেজ নিয়ে হয়রানি, তথ্যের ঘাটতি এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানোর মতো নানা বিষয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
তিনি বলেন, আক্তারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার যাত্রীদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। একই সাথে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আক্তারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানান।


