...|...|...

রাজনীতি

আখতারুজ্জামান রঞ্জন

মুক্তিযুদ্ধ করে দেশ পেয়েছি, অথচ আমার হাতেই হাতকড়া

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৩
Shares
মুক্তিযুদ্ধ করে দেশ পেয়েছি, অথচ আমার হাতেই হাতকড়া

আখতারুজ্জামান রঞ্জন। ছবি: সংগৃহীত

হাতকড়া ও মাথায় হেলমেট পরানোয় আদালতে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ করে দেশ পেয়েছি, অথচ আমার হাতেই হাতকড়া পরানো হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) বিমানবন্দর থানার মামলায় তাকে আদালতে তোলা হলে তিনি এ কথা বলেন। 

আদালতে নেওয়ার সময় তিনি জানান, আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও তাকে দেখা যায়। এক সময় তিনি হেলমেট ছুড়ে ফেলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থানায় দায়ের করা কাজে বাধা দেয়ার মামলায় আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তসহ পরবর্তী আইনি কার্যক্রম বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করবে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের বিষয়টি শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

এর আগে একই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হয়। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন। একই ঘটনায় তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আখতারুজ্জামানের সাথে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সাথে মারমুখী আচরণ করেন আখতারুজ্জামান।

এসব ঘটনায় সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত চলছে।