...|...|...

সারাদেশ

ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবা গ্রেফতার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩৭
Shares
ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবা গ্রেফতার

ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ছেলে সাব্বির আহমদকে থানায় দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন তার বাবা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান। পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বির আহমদকে (২১) আটক করে পুলিশ। স্থানীয়ভাবে তিনি চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। তার বাবা আব্দুল মান্নান (৫৮) চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়দের দাবি, সাব্বিরকে পুলিশ আটক করেছে- এ খবর পেয়ে তাকে দেখতে থানায় যান আব্দুল মান্নান। সেখানে পুলিশ তাকেও আটক করে। পরে বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা রাসেল মাহমুদ বলেন, সাব্বিরকে দেখতে থানায় যাওয়ার পর তার বাবাকেও গ্রেফতার দেখানো হয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে কোনো মামলায় আসামি হওয়ার তথ্য না থাকলেও তাকে গ্রেফতার করায় বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, সাব্বিরকে শুধু ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে এবং বাবা-ছেলের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।

তবে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি থানার সামনে ঘোরাঘুরি করায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।

ওসি আরও বলেন, বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।