...|...|...

জাতীয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর

সাইবার দলের নেতাসহ গ্রেফতার ২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ৯:২৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, রাত ১০:০৮
Shares
সাইবার দলের নেতাসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের মধ্যে জাতীয়তাবাদী সাইবার দলের একজন নেতা এবং ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের একজন নেতা রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) এবং ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ (২৭)।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, ‘গতকাল শুক্রবার আমিনবাজার এলাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, সাজ্জাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্যও অভিযান চলছে।

অন্যদিকে, শুক্রবার রাতে মিরপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে শাহ আলী থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব বলেন, ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় রফিকুলকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর ভোররাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ওই রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে প্রথমে দুই নিরাপত্তারক্ষীকে জিম্মি করেন। পরে তারা স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন মালামাল লুট করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা মূল্যবান সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরো স্থাপনাটি ভেঙে ফেলে।