হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী। চলমান সংঘাতের মধ্যে সরকারি বাহিনীর পক্ষ থেকে এই হামলার ঘোষণা এলো। শনিবার (৩ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে কৌশলগত হামলা চালানোর সক্ষমতা রাখে। তিনি জানান, সানায় ‘উচ্চমূল্যের সামরিক লক্ষ্যবস্তু’তে হামলা চালানো হয়েছে। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।
এর আগে সানায় একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। হুথি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলোও রাজধানীতে বিমান হামলার খবর দেয়। সরকারি বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম জানিয়েছে, সানার আল-নাহদাইন ও জাবাল আত্তান এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে।
একই সময়ে হুথিদের বিরুদ্ধে লড়াই জোরদারে তাইজ গভর্নরেটে সরকারি বাহিনীর অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান, সমাবেশ, সামরিক যান ও অস্ত্র সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরে হুথিরা আল-হুদাইদাহ ও তাইজের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে এবং তাদের অগ্রযাত্রা বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি পর্যন্ত পৌঁছায়। এরপর থেকেই সরকারি বাহিনী পাল্টা অভিযান জোরদার করেছে।


