...|...|...

বিশ্ব

নীল নদের পানি রাজনৈতিক স্বার্থে ব্যবহার মেনে নেবে না মিশর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ১০:১৫
Shares
নীল নদের পানি রাজনৈতিক স্বার্থে ব্যবহার মেনে নেবে না মিশর

ছবি: সংগৃহীত

নীল নদের পানিকে কোনো দেশের রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরোধিতা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে আফ্রিকায় চলমান সংঘাত ও সংকটগুলোর শান্তিপূর্ণ সমাধানে আফ্রিকান ইউনিয়নের ভূমিকা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, শনিবার (৩ অক্টোবর) উত্তর মিশরের নিউ আলামেইন শহরে অনুষ্ঠিত ‘আলামেইন–আফ্রিকা বিজনেস ফোরাম’-এর ফাঁকে বুরুন্ডির প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপারসন এভারিস্ট এনদাইশিমিয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সিসি।

বৈঠকে মিশরীয় প্রেসিডেন্ট জানান, সংঘাত ও সংকট নিরসনে শান্তিপূর্ণ পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে বুরুন্ডির সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং আফ্রিকান ইউনিয়নের উদ্যোগগুলোকে সমর্থন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। তার মতে, এ ধরনের উদ্যোগ মহাদেশে স্থিতিশীলতা জোরদার করবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে আফ্রিকান জনগণের প্রত্যাশা পূরণে সহায়তা করবে।

দুই নেতা নীল নদের পানি নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনা করেন। সিসি বলেন, অভিন্ন স্বার্থ ও ‘কাউকে ক্ষতিগ্রস্ত না করার’ নীতির ভিত্তিতে নীল অববাহিকার দেশগুলোর মধ্যে সহযোগিতা হওয়া উচিত। একই সঙ্গে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য নদীর পানি-সংক্রান্ত বিষয় ব্যবহারের বিরোধিতা করেন তিনি।

ইথিওপিয়ার গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম বা জিইআরডি নিয়ে কায়রো ও আদ্দিস আবাবার দীর্ঘদিনের বিরোধের মধ্যেই সিসির এই মন্তব্য এলো।

ফোরামের ফাঁকে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদের সাথে বৈঠক করেন সিসি। এ সময় হর্ন অব আফ্রিকা, এডেন উপসাগর, বাব আল-মান্দেব প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন দুই নেতা।

মিশরের প্রেসিডেন্সি জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের স্বার্থ রক্ষায় মিশর, সোমালিয়া ও অন্যান্য আঞ্চলিক দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন।