ইয়েমেনের তাইজ প্রদেশে হুথিদের ৭১টি অবস্থান লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, সরকারি বাহিনী তাইজের ১০টি এলাকায় হুথিদের যুদ্ধক্ষেত্রের সমাবেশ, সামরিক প্রস্তুতি ও অতিরিক্ত রসদ মোতায়েনের স্থানগুলো লক্ষ্য করে এসব অভিযান চালিয়েছে।
তিনি জানান, আল-আকরুদ, সামা, আল-আহকুম এবং জাবাল রাসিনসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়।
আল-নুজাইলির দাবি, এসব অভিযানে হুথিদের বেশ কয়েকটি পরিবহন ও সহায়তাকারী যান ধ্বংস হয়েছে এবং কয়েকজন যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।
তবে অভিযানে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো সংখ্যা তিনি জানাননি।
তীব্র সংঘর্ষের পর দক্ষিণ-পূর্ব তাইজের সামা দুর্গের নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করেছে সরকারি বাহিনী। সরকারি বার্তা সংস্থা সাবাকে একটি সামরিক সূত্র জানিয়েছে, স্থানীয় ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর সহায়তায় হুথিদের সঙ্গে লড়াইয়ের পর দুর্গটির নিয়ন্ত্রণ নেওয়া হয়। অভিযানে কয়েক ডজন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেছে ওই সূত্র।
তাইজের পাশাপাশি হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানাতেও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনি সরকারি বাহিনী। মুখপাত্র আল-নুজাইলি জানান, সানায় ‘গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু’তে হামলা চালানো হয়েছে এবং হুথিদের বিরুদ্ধে কৌশলগত হামলা পরিচালনার সক্ষমতা তাদের রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সানার দক্ষিণে জাবাল আত্তান ও জাবাল আল-নাহদাইন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। কয়েকটি এলাকা থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে।


