...|...|...

জাতীয়

ফুটপাত পুনর্দখল ঠেকাতে কঠোর অবস্থানে ডিএনসিসি: প্রশাসক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩২ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, রাত ১০:১০
Shares
ফুটপাত পুনর্দখল ঠেকাতে কঠোর অবস্থানে ডিএনসিসি: প্রশাসক

ছবি: সংগৃহীত

ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি পুনর্দখল ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে হকারমুক্ত ফুটপাত, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগর গড়তে কাজ চলছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গত তিন মাস ধরে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অন্যতম লক্ষ্য হলো নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সুরক্ষা দেওয়া এবং ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তোলা।

তিনি জানান, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসাবাড়ি এবং পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন। পাশাপাশি নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম। ডিএনসিসি ও নগরবাসীর সম্মিলিত সচেতনতা আরও বাড়ানো গেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যের কাছাকাছি নামিয়ে আনা সম্ভব।

সরকার ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় হাউজিং সোসাইটি, মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে বলেও জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, ১০ নম্বর এলাকার হোপ মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে থাকা ফুটপাত উদ্ধার করা হয়েছে। নগরবাসীর চলাচলের সুবিধার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে উদ্ধার করা ফুটপাত যাতে আবার দখল না হয়, সে জন্য স্থানীয় জনগণ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

অভিযান ও অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।