...|...|...

সারাদেশ

দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ও সহায়তা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৪
Shares
দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ও সহায়তা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা প্রদান যথেষ্ট নয় উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রান্তিক মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পর্যাপ্ত কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। China International Development Cooperation Agency (CIDCA) এর অর্থায়নে এবং United Nations Development Programme (UNDP)-এর কারিগরি সহায়তায় ‘Livelihoods Support for Urban Poor Communities in Bangladesh’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সুবিধাভোগীদের মধ্যে সরাসরি কর্মসংস্থানের উপকরণ হিসেবে ৪৮টি সেলাই মেশিন, ৪১টি কম্পিউটার এবং ৬৮টি ফুড কার্ট বিতরণ করেন।

মেয়র আশা প্রকাশ করে বলেন, সেলাই মেশিন ও কম্পিউটার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং ফুড কার্টগুলো ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে সাহায্য করবে।

নগর উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন, উন্নয়নকে কেবল ভৌত অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। মানুষের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং নিরাপদ বসবাসের পরিবেশ সুনিশ্চিত করাও নগর উন্নয়নের সমান গুরুত্বপূর্ণ অংশ। চসিকের আওতাধীন কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) অন্ধকারচ্ছন্ন এলাকাগুলো আলোকিত করতে এবং নিরাপত্তা বাড়াতে ৪৫টি সোলার লাইট স্থাপন করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, উক্ত প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৮০৪ জন দরিদ্র ও হতদরিদ্র গর্ভবতী ও দুগ্ধদানকারী মাকে পুষ্টি সহায়তা এবং ১৯৩ জন কিশোরীকে হাইজিন কিট প্রদান করা হয়েছে।

উন্নয়ন সহযোগী সংস্থা সিআইডিসিএ ও ইউএনডিপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, ইউএনডিপির আন্তর্জাতিক প্রতিনিধি এবং চসিকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।