...|...|...

রাজধানী

রান বাংলাদেশের আয়োজনে হাতিরঝিলে স্প্রিন্ট ঢাকা মুভ অনুষ্ঠিত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫৩
Shares
রান বাংলাদেশের আয়োজনে হাতিরঝিলে স্প্রিন্ট ঢাকা মুভ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

‘রান ফর কানেক্ট’ (Run and Connect)—দৌড়ান, সংযোগ গড়ুন—এই বার্তা নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬-এর দ্বিতীয় আসর। রান বাংলাদেশের আয়োজনে ৪.৬ মাইল ও ৯.৩ মাইল দূরত্বের এই ইভেন্টে দৌড়ের সাথে যুক্ত হয়েছে মানুষের পরিচয়, বন্ধুত্ব এবং একসাথে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা।

স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬-এর কেন্দ্রবিন্দু ছিল কমিউনিটির অংশগ্রহণ। রানারদের ব্যক্তিগত লক্ষ্য অর্জনের পাশাপাশি একে অন্যকে উৎসাহ দেওয়া এবং দৌড়ের মাধ্যমে নতুন সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করেছে আয়োজনটি। হাতিরঝিলের সড়কে রানারদের অংশগ্রহণ সেই সম্মিলিত অভিজ্ঞতাকে তুলে ধরেছে।

আয়োজক রান বাংলাদেশের কাছে ‘Run and Connect’ একটি সক্রিয় ও পরস্পরের পাশে থাকা রানিং কমিউনিটি গড়ে তোলার ভাবনা। স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬ সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি উদ্যোগ, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণ ও পারস্পরিক উৎসাহকে গুরুত্ব দেওয়া হয়েছে।

৪.৬ মাইল পুরুষ বিভাগে ২৭ মিনিট ৮ সেকেন্ডে চ্যাম্পিয়ন হন মো. হানিফ হোসেন. একই দূরত্বের নারী বিভাগে ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে চ্যাম্পিয়ন হন মৌনতা আলম । ৯.৩ মাইল পুরুষ বিভাগে ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শিরোপা জেতেন রায়হান হোসেন । নারী বিভাগে ১ ঘণ্টা ২৭ মিনিট ৪৯ সেকেন্ডে চ্যাম্পিয়ন হন সুইটি কবির ।

রেস শেষে ৪.৬ মাইল ও ৯.৩ মাইলের পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন থেকে পঞ্চম স্থান অর্জনকারী মোট ২০ জন রানারকে পুরস্কৃত করা হয়। রানারদের লক্ষ্য পূরণে সহায়তার স্বীকৃতিতে দুই দূরত্বের পেসারদের সম্মাননা দেওয়া হয়। আয়োজনে সহযোগিতার জন্য পার্টনারদের হাতেও তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইন উদ্দিন, বিডিট্রাইয়ের ট্রায়াথলেট ইমতিয়াজ ইলাহী, আবুল খায়ের গ্রুপের গ্রুপ হেড অব সেলস এক্সেলেন্স সুবেহ খান এবং রান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরিয়ম তাবাসসুম । অতিথিরা বিজয়ী রানার ও পেসারদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬-এর টাইটেল স্পনসর ছিল Sprint, কো-স্পনসর RBAN Timing Solutions এবং অফিশিয়াল মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত ছিল AMA Coffee, কাজী অ্যান্ড কাজী টি এবং মাইলো।

রান বাংলাদেশ সব অংশগ্রহণকারী, অতিথি, স্পনসর, পার্টনার, পেসার, স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। স্প্রিন্ট ঢাকা মুভের মাধ্যমে দৌড়কে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলা এবং একটি সক্রিয়, সংযুক্ত কমিউনিটি গড়ে তোলার প্রচেষ্টা এগিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি।