অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে দেশজুড়ে মোট ৫০৮টি অভিযান পরিচালনা করেছে জেআইএম।
ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এসব অভিযানে মোট ৫ হাজার ৭৭২ জনকে যাচাই করা হয়। অভিযানে বিভিন্ন দেশের ২ হাজার ৬৪ জন অবৈধ অভিবাসী বা পিএটিআইকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আইন ভঙ্গের অভিযোগে ৬৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।
জেআইএম জানিয়েছে, অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের নিয়োগ ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশজুড়ে নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে।
ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘প্রতিদিন অভিযান’ কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।


