...|...|...

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১০:২০
Shares
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

নিহত আশরাফ উদ্দিন রনি। ছবি : সংগৃহীত

সৌদি আরবে পাহাড়ি সড়কে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে দেশটির আবহা প্রদেশে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় মাছবাহী একটি ফ্রিজার ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক নোয়াখালীর কামরুল হাসান।

নিহত আশরাফের চাচা মীর হোসাইন জানান, মাছ পরিবহনের কাজে ফ্রিজার ভ্যানটি আবহা শহর থেকে জিজান শহরের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক কামরুল হাসান এবং গাড়িতে থাকা আশরাফ উদ্দিন রনি প্রাণ হারান।

মীর হোসাইন আরও জানান, প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন আশরাফ। ছুটি শেষে তিনি সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।

বর্তমানে নিহত দুজনের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।