...|...|...

সারাদেশ

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ২

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ৮:০০
Shares
লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ২

ছবি: টাইমস টুডে

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার কথিত জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার মিশন মোড় এলাকায় সীমান্ত হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নুর আলম (৩৮)।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকায় সীমান্ত হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় জুলফিকার আলীকে গ্রেফতার করা হয়। পরে তার কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে দুটি খাকি খামের ভেতর থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার কথিত জাল নোট উদ্ধার করা হয়।

উদ্ধার করা নোটের মধ্যে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি নোট ছিল। এ সময় তার ব্যবহৃত একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, জুলফিকার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে জাল নোট সরবরাহকারী নুর আলমকে কুড়িগ্রাম সদর উপজেলার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গ্রেফতার দুজনসহ অজ্ঞাত আরও ২-৩ জন পরস্পর যোগসাজশে জাল নোট সংগ্রহ, বহন, সরবরাহ ও ব্যবহারের সাথে জড়িত।

এ ঘটনায় লালমনিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ক (খ) ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।