চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা, আইতাছে শেখ হাসিনা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি লালদীঘির পাড় হয়ে চলে যায়।
এর কিছুক্ষণ পর পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে তারা আশপাশের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।


