ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় দিনদুপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশের ধারণা, রোদের প্রখর তাপে বাসটিতে আগুন ধরে থাকতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের পুরো অংশ পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের সাথে কথা বলে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনাটি নাশকতা বলে ধারণা করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান।
তবে আগুন লাগার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। তিনি জানান, বাসটি গত দুই দিন ধরে ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বাসটি গ্যাসচালিত হওয়ায় রোদের প্রখর তাপে আগুন ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও পুলিশের ভিন্ন বক্তব্যের মধ্যে বাসটিতে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


