বাংলাদেশে শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমান-এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, স্বাধীনতার পর ব্যক্তি মালিকানাধীন শিল্পকারখানা জাতীয়করণের মাধ্যমে সেগুলোতে লুটপাটের সুযোগ তৈরি করা হয়েছিল।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান আমলে চট্টগ্রাম, খুলনা, তেজগাঁও ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অনেক শিল্পকারখানা গড়ে উঠেছিল। এসব কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করতেন। ১৯৭১ সালে শ্রমিকেরাও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার ব্যক্তি মালিকানাধীন শিল্পকারখানা জাতীয়করণ করে। এরপর সেগুলোতে লুটপাট শুরু হয়।
তিনি আরও বলেন, ১৯৭৪, ১৯৭৫ ও ১৯৯৪ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে যেসব শিল্পকারখানা লুট করেছেন, সেগুলোর একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কারা এসব শিল্পকারখানা লুট করেছেন, তাদের তালিকাও জনগণের সামনে প্রকাশের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকতে হবে। এ জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শ্রমিক ও বেকার যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। নির্বাচনি ইশতেহারে বেকার যুবকদের বিনা সুদে, দলিল ও বন্ধক ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা রয়েছে।
চট্টগ্রামের পোশাকশিল্প, নির্মাণশিল্পসহ বিভিন্ন খাতের শ্রমিকদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুধু বড় সম্মেলন ও জনসভা নয়, শ্রমিকদের কাছে পৌঁছে তাদের সংগঠিত করার আহ্বান জানান।
সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।


