...|...|...

রাজধানী

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭
Shares
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী ও বাড্ডা এলাকায় এক রাতেই তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক ঘটনায় মধুমতী, আলিফ ও বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশী রোডে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের পাশে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বিহঙ্গ পরিবহনের চলন্ত একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। তবে ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।

কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্ক করে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

অন্যদিকে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগার পর বাসের যাত্রীরা দ্রুত নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির সব আসন পুড়ে গেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।