রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৭ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত আইনজীবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা ঘটনাস্থলে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে সদা প্রস্তুত।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বেলা ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের উপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।


