মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া জ্বালানিতে মুহূর্তেই আগুন আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কায়রোর ওয়াররাক এলাকার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালানো হয়। পরে মহাসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলন্ত অবস্থায় জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে যায়। এ সময় সেখান থেকে ছড়িয়ে পড়া পেট্রোল আশপাশের যানবাহনে পৌঁছালে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহাসড়কজুড়ে আগুনের বিশাল শিখা ছড়িয়ে পড়েছে। আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। দুর্ঘটনার পর দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
তবে কী কারণে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, তা নিয়ে শুরুতে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে আল-আহরাম পত্রিকা তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারান।
পরে ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায় বলে জানিয়েছে পত্রিকাটি।
ঘটনার তদন্ত শুরু করেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য তাদের দেহাবশেষ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ এবং হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি দেখতে কায়রোর একটি হাসপাতাল পরিদর্শন করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
সাম্প্রতিক বছরগুলোতে মিশরে একাধিক বড় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে। অপরিকল্পিত আবাসিক বসতি ও জরাজীর্ণ অবকাঠামো এসব দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। পাশাপাশি জরুরি উদ্ধারকারী দলগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে।
দেশটিতে সড়ক দুর্ঘটনাও নিয়মিত প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় কয়েক শ বেশি।


