বাংলাদেশসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে এই তালিকায় কানাডার নাম নেই। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এর অর্থ এই নয় যে কানাডা পুরোপুরি শুল্কের চাপ থেকে মুক্ত।
বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে ওই কর্মকর্তা জানান, নতুন শুল্কের জন্য যেসব দেশের বাণিজ্যনীতি নিয়ে তদন্ত চালানো হয়েছিল, কানাডা সেই তদন্তের আওতায় ছিল না।
তবে কানাডার বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটনের কোনো উদ্বেগ নেই—এমনটিও নয় বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ‘গুরুতর অনিয়মের’ অভিযোগ পাওয়ায় নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন শুল্কের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
কানাডার ওপর আগে থেকেই শুল্ক
নতুন তালিকায় নাম না থাকলেও কানাডার বিভিন্ন পণ্যের ওপর এর আগেই কয়েক দফায় শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কিছু পণ্যের ক্ষেত্রে শুল্কহার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
শুল্কের আওতায় থাকা কানাডীয় পণ্যের মধ্যে ইস্পাত, তামা, গাড়ি ও অ্যালকোহল রয়েছে।
এর পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপরও শুল্ক আরোপ করেছে কানাডা। এসব পণ্যের মধ্যে রয়েছে ধাতব সামগ্রী, সামুদ্রিক খাবার ও দুগ্ধজাত পণ্য।
তবে দুই দেশের বাণিজ্যের একটি বড় অংশ এখনো শুল্কমুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে কার্যকর ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট বা ইউএসএমসিএর আওতায় অনেক পণ্য শুল্ক ছাড় পেয়ে থাকে।
ফলে নতুন ১৪ দেশের তালিকায় কানাডার নাম না থাকলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কবিরোধ পুরোপুরি শেষ হয়েছে—এমনটি বলা যাচ্ছে না।


