ইরানে ১৯ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণীকে তার মা-বাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিকে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।
নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এক তরুণের সাথে সম্পর্কের পর তিনি অন্তঃসত্ত্বা হন এবং গত সপ্তাহে বিষয়টি পরিবারের কাছে জানান। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে তার মা-বাবা তাকে প্রায় ৩০টি খিঁচুনিরোধী ওষুধ খেতে বাধ্য করেন। এরপর তাকে মারধর করা হয় এবং শেষ পর্যন্ত বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
ঘটনাটি ঘটেছে পশ্চিম ইরানের সানানদাজ শহরে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানিয়েছে, হেলিয়ার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের সময় তারা হত্যার কথা স্বীকার করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) হেলিয়ার বিরুদ্ধে অভিযোগ জানাতে প্রথমে আদালতে যান তার মা-বাবা। বাড়িতে ফিরে তাকে ওই ওষুধগুলো খেতে বাধ্য করা হয়। পরে তারা বুঝতে পারেন, হেলিয়া তখনো জীবিত। এরপর বালিশ দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।
হেঙ্গাও এবং আরেক মানবাধিকার সংগঠন হানা ঘটনাটিকে তথাকথিত ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।
হেঙ্গাও এক বিবৃতিতে বলেছে, নারী ও শিশুদের পারিবারিক সহিংসতা থেকে রক্ষায় কার্যকর আইন প্রণয়নে ইরানি কর্তৃপক্ষের ব্যর্থতা, আইনি ফাঁকফোকর এবং এ ধরনের হত্যাকাণ্ডে তুলনামূলক লঘু শাস্তি নারীদের কাঠামোগত সহিংসতার ঝুঁকিতে রাখছে এবং দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করছে।
এক সপ্তাহের বেশি সময়ে তৃতীয় তরুণী নিহত
হেলিয়ার মৃত্যু ইরানে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দেশটিতে তরুণী হত্যার এটি তৃতীয় ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার সাবেক প্রেমিক তাকে হত্যা করেন।
এর আগে কেরমানশাহে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদি একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যায়। দেশটির শিক্ষক ইউনিয়নগুলোর একটি জাতীয় নেটওয়ার্ক জানিয়েছে, সোগান্দ স্কুল কর্তৃপক্ষকে আগেই বলেছিল, তাকে বাবার সাথে বাড়ি পাঠানো হলে বাবা তাকে হত্যা করতে পারেন।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ইরানের একজন পরিচিত সংগীতশিল্পী ও তার দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। ইউটিউবে কয়েক মিলিয়নবার দেখা একটি পরিবেশনার জেরে তাদের এই শাস্তি দেওয়া হয়।
২৯ বছর বয়সী সংগীতশিল্পী পারাস্তু আহমাদি, চার সংগীতশিল্পী এবং তার দলের আরও চার সদস্যকে গত জুনে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ওই কনসার্টে একটি মৃদু আলোয় সাজানো মঞ্চে, বড় একটি পারস্য কার্পেটের সামনে ফাঁকা দর্শকসারির উদ্দেশে আবেগঘন গান পরিবেশন করেছিলেন আহমাদি।


