...|...|...

বিশ্ব

সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না ইরান: গালিবাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩২
Shares
সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না ইরান: গালিবাফ

ছবি: সংগৃহীত

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ এ কথা জানিয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক হুমকি ও অবমাননাকর বক্তব্যকে যুক্তরাষ্ট্রের হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারসের এক প্রতিবেদনে গালিবাফ বলেন, ‘আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না, কোনো আলোচনাও হবে না।’

তিনি আরও বলেন, ‘শত্রুর যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপের কঠোর জবাব দিতে আমরা প্রস্তুত। শত্রু ভুল হিসাব করলে সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দিতেও প্রস্তুত রয়েছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য এবং হুমকির জবাবে এসব মন্তব্য করেন গালিবাফ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট জানান, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের কার্যক্রম অব্যাহত থাকবে।

এরই মধ্যে সোমবার (২৩ নভেম্বর) ইরানের দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, আড়ালে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানি ও গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব রণাঙ্গনে সংঘাত বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা।