...|...|...

বিশ্ব

চীনের কাছে আরও ২৫০ বোয়িং উড়োজাহাজ বিক্রির আশা ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৬
Shares
চীনের কাছে আরও ২৫০ বোয়িং উড়োজাহাজ বিক্রির আশা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ২৫০টি উড়োজাহাজ কিনতে পারে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নতুন এই ক্রয়চুক্তি হলে দুই দেশের মধ্যে আগের উড়োজাহাজ কেনার চুক্তির পরিধি আরও বাড়বে।

সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান ট্রাম্প।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এরই মধ্যে চীনের কাছে ২৫০টি বোয়িং উড়োজাহাজ বিক্রির চুক্তি নিশ্চিত করেছেন তিনি। এবার দেশটি আরও ২৫০টি উড়োজাহাজ কিনতে পারে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি চীনের কাছে ২৫০টি বোয়িং উড়োজাহাজ বিক্রি করেছি। আমার মনে হয়, তারা আরও ২৫০টি কিনবে।’

এর আগে গত মে মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০টি বোয়িং উড়োজাহাজের পাশাপাশি জেনারেল ইলেকট্রিকের তৈরি ইঞ্জিন কিনতে সম্মত হয়েছে।

তবে অতিরিক্ত ২৫০টি উড়োজাহাজ কেনার বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।