...|...|...

বিশ্ব

বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৭
Shares
বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রয়েছে ইরানের। যেকোনো সময়, যেকোনো স্থানে সম্ভাব্য হুমকির জবাব দিতে প্রস্তুত দেশটির সশস্ত্র বাহিনী। এমন দাবি করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ইজাদি বলেন, যেকোনো ধরনের ও মাত্রার হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা মানবে না ইরানের সামরিক বাহিনী। 

তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে।

মোস্তফা ইজাদি আরও বলেন, শত্রুপক্ষ দাবি করেছিল, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে শত্রুপক্ষের কোনো পরিকল্পনাই সফল হয়নি।

তার বক্তব্যে ইরানের সামরিক সক্ষমতা ধরে রাখা এবং সম্ভাব্য নতুন হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে।

এদিকে গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাত বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো স্থায়ী সমাধান আসেনি।

গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার চলমান অচলাবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন। তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে সামরিক সংঘাত ও কূটনৈতিক অনিশ্চয়তার মধ্যে ইরানের বর্তমান পরিস্থিতির চিত্র উঠে এসেছে।

এমন পরিস্থিতিতে আইআরজিসির উপপ্রধানের নতুন বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের কঠোর সামরিক অবস্থানের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।