...|...|...

বিশ্ব

খুনিদের নায়ক বানাচ্ছে তরুণরা, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০২
Shares
খুনিদের নায়ক বানাচ্ছে তরুণরা, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ছবি: এআই

সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর এক প্রবণতা ছড়িয়ে পড়ছে তরুণদের মধ্যে। নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যাকারীদের অনেকেই দেখছে নায়ক হিসেবে। তাদের ছবি ও ভিডিও দিয়ে তৈরি হচ্ছে নানা কনটেন্ট। এমনকি কেউ কেউ এসব হামলাকারীকে অনুসরণ করে নিজেরাও সহিংসতার পরিকল্পনা করছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের অনুসন্ধানী অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

অনলাইনে গড়ে ওঠা এই গোষ্ঠীর নাম ‘ট্রু ক্রাইম কমিউনিটি’, সংক্ষেপে টিসিসি। এর সদস্যদের বড় একটি অংশ কিশোর-কিশোরী ও তরুণ। যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে এই গোষ্ঠীর প্রভাব।

কেন তরুণরা জড়িয়ে পড়ছে এই গোষ্ঠীতে?

দুই বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় গোপন রেখে টিসিসির কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন সমাজকর্মী অ্যালিজান্দ্রা হারবারহোল্ড। তাঁর মতে, গোষ্ঠীটির অনেক সদস্যই সমাজ থেকে বিচ্ছিন্ন। কেউ বিদ্যালয়ে সহপাঠীদের হয়রানির শিকার, কেউ পারিবারিক অশান্তিতে জর্জরিত, আবার কেউ মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এসব তরুণের অনেকেই অনলাইনে এমন একটি জায়গা খুঁজে পায়, যেখানে অন্যদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার মিল দেখতে পায়। তবে ধীরে ধীরে তাদের কেউ কেউ সহিংস হামলাকারীদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।

হারবারহোল্ড ইতোমধ্যে ১৮ জন কিশোর-কিশোরীকে এই গোষ্ঠী থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছেন। তাঁর ভাষায়, এসব শিশুকে দানব হিসেবে দেখলে সমস্যার সমাধান হবে না। বরং তাদের সংকট বুঝে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

ফেসবুক-টিকটকের অ্যালগরিদম নিয়ে প্রশ্ন

বিশেষজ্ঞদের মতে, অনলাইন এই প্রবণতা ছড়িয়ে পড়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমেরও ভূমিকা রয়েছে।

ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের হুমকি প্রতিরোধবিষয়ক পরিচালক ক্যাথরিন কেনেলি জানান, টিসিসির কার্যক্রম কোনো গোপন ওয়েবসাইটে সীমাবদ্ধ নয়। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টাম্বলার ও রোবলক্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মেও এ ধরনের কনটেন্ট পাওয়া যায়।

তাঁর অভিযোগ, কোনো কিশোর একবার বিদ্যালয়ে গুলিবর্ষণ বা এ ধরনের সহিংসতার ভিডিও দেখলে অ্যালগরিদম তাকে একই ধরনের আরও কনটেন্ট দেখাতে শুরু করে। এভাবেই কিছু তরুণ ধীরে ধীরে সহিংসতাকে মহিমান্বিত করা অনলাইন গোষ্ঠীর সংস্পর্শে আসে।

টিকটক অবশ্য জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে সহিংসতা প্রচার নিষিদ্ধ এবং এমন কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্ট বন্ধ করা হয়। তবে ‘৬০ মিনিটস’-এর অনুসন্ধানে প্ল্যাটফর্মটিতে টিসিসি-সংশ্লিষ্ট সহিংস কনটেন্ট পাওয়া গেছে।

পুরোনো হত্যাকাণ্ডের অপরাধীরাই কারও কারও আদর্শ

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলাম্বাইন হাইস্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেই হামলাকারীরা এখনো টিসিসির কিছু সদস্যের কাছে বিশেষভাবে আলোচিত।

মেগান নামে এক তরুণী জানান, মাত্র ১৩ বছর বয়সে তিনি এই গোষ্ঠীতে যোগ দেন। সে সময় পারিবারিক সমস্যা, উদ্বেগ ও বিষণ্নতায় ভুগছিলেন তিনি। নিজের একাকিত্বের সঙ্গে হামলাকারীদের জীবনের কিছু মিল খুঁজে পেয়েছিলেন।

বর্তমানে ২০ বছর বয়সী মেগান টিসিসি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তিনি জানান, গোষ্ঠীটিতে থাকার সময় একাধিক ব্যক্তিকে হামলার পরিকল্পনা করতে দেখেছেন। এমনকি তিনবার সম্ভাব্য সহিংসতা ঠেকাতেও ভূমিকা রেখেছেন তিনি।

বিশ্বজুড়ে প্রায় ৩০ হামলার সাথে যোগসূত্র

অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল থেকে বিশ্বজুড়ে প্রায় ৩০টি সহিংস হামলার সঙ্গে টিসিসির সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়েছে।

ক্যাথরিন কেনেলির গবেষক দল গত তিন বছরে শুধু যুক্তরাষ্ট্রেই টিসিসি সদস্যদের সংঘটিত ১২টি হামলার তথ্য পেয়েছে। এর মধ্যে সাতটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা।

প্রতিবেদনে ২০২৪ সালে উইসকনসিনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুল এবং ২০২৫ সালে কলোরাডোর এভারগ্রিন হাইস্কুলে গুলিবর্ষণের ঘটনাও তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, অতীতের হামলাকারীদের অনলাইনে জনপ্রিয় করে তোলার প্রবণতা অন্যদেরও একই ধরনের সহিংসতায় উৎসাহিত করতে পারে।

তবে গবেষকদের মতে, টিসিসির সদস্যদের খুব সামান্য অংশই বাস্তবে সহিংস হামলায় জড়ায়। অধিকাংশ তরুণ সময়ের সঙ্গে এ ধরনের আগ্রহ থেকে বেরিয়ে আসে।

সহিংসতা ঠেকাতে কী করছেন বিশেষজ্ঞরা?

সমাজকর্মী হারবারহোল্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সচেতন করতে কাজ করছেন। কোনো কিশোর টিসিসির মতো গোষ্ঠীতে জড়িয়ে পড়েছে কি না, তা বোঝার উপায় এবং ঝুঁকি দেখা দিলে কীভাবে ব্যবস্থা নিতে হবে, এসব বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

তবে এ ধরনের উদ্যোগে আরও সরকারি সহায়তার প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন বন্দুক সহিংসতা প্রতিরোধমূলক কর্মসূচিগুলোর ৪০ কোটি ডলারের বেশি অনুদান বাতিল করে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, এসব কর্মসূচির অনেকগুলো কার্যকর ফল দিতে পারেনি।

বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে সহিংসতার প্রতি আকর্ষণ তৈরি হওয়া তরুণদের শুধু শাস্তির ভয় দেখিয়ে দূরে রাখা সম্ভব নয়। তাদের মানসিক অবস্থা বোঝা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।