...|...|...

বিশ্ব

২৫ বছর পর ‘নাইন ইলেভেন’ হামলার আরও ৮৪ হাজার নথি প্রকাশ করলেন মামদানি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:২০
Shares
২৫ বছর পর ‘নাইন ইলেভেন’ হামলার আরও ৮৪ হাজার নথি প্রকাশ করলেন মামদানি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ ‘নাইন ইলেভেন’ সন্ত্রাসী হামলা ও এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কিত আরও ৮৪ হাজার নথি প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি প্রশাসন। নতুন এসব নথি প্রকাশের ফলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা ও এর প্রভাব নিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত নথির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪০ হাজার পৃষ্ঠার বেশি।

রবিবার (২২ নভেম্বর) নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও নগরীর আইন বিভাগ যৌথভাবে এসব নথি প্রকাশ করে। সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে মামদানি প্রশাসন ৯/১১ হামলাসংক্রান্ত সরকারি নথি প্রকাশের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করে। এর পর থেকে পোর্টালটিতে ১ কোটি ১০ লাখের বেশি স্বতন্ত্র ভিজিট রেকর্ড করা হয়েছে।

দীর্ঘদিন ধরে হামলায় উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মী, সরকারি কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এসব নথি প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে হামলার পর বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত পদার্থ, ধ্বংসস্তূপের দূষণ এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারি কর্তৃপক্ষের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন তাঁরা।

নতুন নথির পাশাপাশি পোর্টালটিতে আগে থেকেই আলোচিত ‘হার্ডিং মেমো’ এবং ‘৬৮ বক্স’ নামে পরিচিত নথির সংগ্রহ উন্মুক্ত রয়েছে। এসব নথি দীর্ঘদিন ধরে জনসাধারণের নাগালের বাইরে ছিল।

এই অনলাইন পোর্টাল তৈরি ও পরিচালনার জন্য নিউইয়র্ক সিটি প্রশাসনের ২০২৭ অর্থবছরের বাজেটে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

নথি প্রকাশের বিষয়ে মেয়র জোহরান মামদানি বলেন, ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং পরবর্তী স্বাস্থ্য বিপর্যয়ের পর নিউইয়র্কবাসী সরকারের কাছে স্বচ্ছতা দাবি করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা প্রয়োজনীয় তথ্য পাননি।

তিনি আরও বলেন, হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি, উদ্ধারকর্মী এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যতক্ষণ না তাঁদের প্রাপ্য তথ্য ও ঘটনার প্রকৃত চিত্র জানতে পারছেন, ততক্ষণ নথি প্রকাশের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউইয়র্ক সিটির প্রধান আইন কর্মকর্তা স্টিভেন ব্যাংকস জানান, দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও বিলম্ব কাটিয়ে হামলার পর সরকারি কার্যক্রমের নথি জনগণের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেন, ৯/১১ হামলার প্রভাব শুধু সেদিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। হামলার ২৫ বছর পরও হাজার হাজার মানুষ এর ভয়াবহ স্বাস্থ্যগত পরিণতি বহন করছেন।

তার দাবি, ম্যানহাটনের দক্ষিণাঞ্চলে বিষাক্ত পরিবেশের সংস্পর্শে এসে কয়েক হাজার নয়, বরং কয়েক দশ হাজার মানুষ গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের মৃত্যুও হয়েছে।

জুলি মেনিন আরও বলেন, নতুন নথি প্রকাশ সরকারি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের সেই সময়ের বিপদ এবং সরকারি ব্যবস্থাপনা সম্পর্কে সত্য জানার অধিকার রয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ একাধিক স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। এর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত প্রভাব এখনো বহু মানুষকে ভোগাচ্ছে।