যুক্তরাষ্ট্রে একের পর এক বড় প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে এবার হ্যাকিংয়ের শিকার হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের গুরুত্বপূর্ণ অপরাধতথ্যভান্ডার। দেশটির বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তথ্যভান্ডার ব্যবহার করে, তাতে অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে সংস্থাটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার—এনসিআইসিতে সাম্প্রতিক দিনগুলোতে অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এই তথ্যভান্ডারের মাধ্যমে কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অপরাধসংক্রান্ত তথ্য আদান-প্রদান করে।
এনসিআইসি থেকে পলাতক আসামিদের শনাক্ত করা, গ্রেফতারি পরোয়ানা যাচাই এবং অপরাধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা। ফলে এই তথ্যভান্ডারে হ্যাকারদের প্রবেশের ঘটনা শুধু সংবেদনশীল তথ্য চুরির ঝুঁকি তৈরি করেনি, বরং সংরক্ষিত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এফবিআইয়ের সাইবার অপরাধ তদন্তে সাবেক এক কর্মকর্তা বলেন, হ্যাকাররা সংবেদনশীল তথ্য পেয়েছে কি না, সেটি উদ্বেগের বিষয়। তবে এর চেয়েও বড় আশঙ্কা, তারা কর্মকর্তাদের ব্যবহৃত তথ্যের যথার্থতা নষ্ট করতে পেরেছে কি না।
এদিকে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এফবিআই পরিচালক কাশ প্যাটেল সংস্থাটির সাইবার নিরাপত্তা কার্যক্রমের কথা তুলে ধরেন। এ সময় তিনি ‘অপারেশন উইন্টার শিল্ড’ উদ্যোগের কথা উল্লেখ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং সংবেদনশীল তথ্য সুরক্ষায় সহায়তা করা।
প্যাটেল বলেন, আগের প্রশাসনগুলোও এসব নিরাপত্তা হালনাগাদ করতে পারত, কিন্তু তা করেনি। তাঁর দাবি, বর্তমান এফবিআই আগের ঘাটতি পূরণ করে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে।
এফবিআইয়ের তথ্যভান্ডারে অনুপ্রবেশের ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় ঘটছে।
গত ১৩ নভেম্বর প্রযুক্তিগত সমস্যার কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন—এফএএ। সংস্থাটির আকাশপথে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় কয়েক ঘণ্টা বন্ধ থাকে ফ্লাইট চলাচল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এতে ১৮ হাজারের বেশি ফ্লাইট প্রভাবিত হয়। এফএএ জানায়, পুরোনো টেলিযোগাযোগব্যবস্থায় অস্বাভাবিক পরিমাণ তথ্যের চাপ পড়ায় সেটি অস্থিতিশীল হয়ে পড়ে।
এর কয়েক দিন আগে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বৈশ্বিক বিপর্যয় দেখা দেয়। এতে আউটলুক, টিমস ও কোপাইলটসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ব্যাহত হয়। ৭০টির বেশি দেশ ও অঞ্চল থেকে এ সমস্যার বিষয়ে অভিযোগ জমা পড়ে। এর প্রভাব পড়ে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, হাসপাতাল, আদালত, বিমান সংস্থা ও সরকারি দপ্তরে।
এরপর ১৬ নভেম্বর জেপি মরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো ও ইউএস ব্যাংকসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের অনলাইন সেবা ব্যবহারে সমস্যার কথা জানান গ্রাহকেরা।
পরদিন ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএনেট’-এও বিভ্রাট দেখা দেয়।
পরপর এসব ঘটনায় দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এফবিআইয়ের তথ্যভান্ডারে অনুপ্রবেশের সঙ্গে সাম্প্রতিক অন্য প্রযুক্তিগত বিপর্যয়গুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।


