...|...|...

বিশ্ব

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১২৯ জনের লাশ উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১০:২৬
Shares
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১২৯ জনের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাজার মধ্যাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। নুসেইরাত শরণার্থীশিবির, আজ-জাওয়াইদা ও দেইর আল-বালাহ এলাকায় ধ্বংস হওয়া ৩৯টি ভবনে অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক রামি আল-আইদি জানান, ওই ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে ২৩৩ জন নিখোঁজ রয়েছেন বলে তথ্য পাওয়া গিয়েছিল। টানা ৫৩ দিন ধরে ৪১০ ঘণ্টা অনুসন্ধান চালায় উদ্ধারকারী দল।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ উদ্ধার অভিযানে অর্থায়ন করেছে। অভিযানটির দ্বিতীয় ধাপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

উদ্ধার হওয়া ১২৯ জনের বাইরে নিখোঁজদের বিষয়ে নতুন কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের  পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪ হাজার ৭৩৬ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৬ হাজার ১৯৪ জন। 

দখলদার ইসরায়েলের বিমান, স্থল ও নৌপথে হামলা এবং সামরিক অভিযানে গাজার প্রায় ৮০ ভাগ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়।