...|...|...

বিশ্ব

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৯
Shares
রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য।

সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, সোমবার (২৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।

যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আদালতের সিদ্ধান্তসহ আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতা পুরোপুরি মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এদিকে পৃথক বিবৃতিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের বিচার না হয়ে পারে না।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি মিয়ানমারে বিমান জ্বালানি রপ্তানি ও সরবরাহ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে লন্ডনের।

এ ছাড়া রাখাইন রাজ্যের প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জরুরি মানবিক সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত ও জবাবদিহি জোরদারে আরও ৩০ লাখ পাউন্ড দেওয়া হবে।

গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানান, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে রায় দেওয়া হয়।

তবে মিয়ানমার সরকার এ রায়কে অন্যায্য ও অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছে। রায় ঘোষণার পরপরই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য।