...|...|...

বিশ্ব

বাংলাদেশ সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করে নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৬
Shares
বাংলাদেশ সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করে নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী আসামের কাছাড় জেলায় সন্দেহভাজন গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। সোমবার (২৩ নভেম্বর) ভোরে জেলার কাটিগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ বিএসএফ সদস্যের নাম কে ভেনু। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু চোরাকারবারির গতিবিধির খবর পান বিএসএফ সদস্যরা। তাদের আটক করতে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনুকে মোতায়েন করা হয়।

বিএসএফ সদস্যরা বাধা দিলে সন্দেহভাজন চোরাকারবারিরা বরাক নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের ধাওয়া করতে ওই দুই বিএসএফ সদস্যও নদীতে নামেন। জিতেন্দ্র যাদব নিরাপদে নদীর তীরে ফিরে আসতে সক্ষম হলেও স্রোতের তোড়ে ভেসে যান ভেনু। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও অংশ নিয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো তার কোনো খোঁজ মেলেনি।