পাকিস্তানের পেশোয়ারে ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে খাইবার পাখতুনখোয়া সরকার। রাজনৈতিক ব্যক্তিত্বের নামে সরকারি ক্রীড়া স্থাপনার নাম না রাখার নীতির কথা জানিয়ে স্টেডিয়ামটির নাম বদলের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রাদেশিক ক্রীড়া বিভাগকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। তবে স্টেডিয়ামটির নতুন নাম কী হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।
কুন্দি বলেন, সরকারি ক্রীড়া স্থাপনার নাম কোনো রাজনৈতিক দলের নেতার নামে রাখতে চায় না সরকার। এ প্রসঙ্গে তিনি প্রয়াত আরবাব নিয়াজ মুহাম্মদের অবদানের কথাও উল্লেখ করেন। তার ভাষায়, ‘আমরা নিজেদের রাজনৈতিক দলের কোনো ব্যক্তির নামে স্টেডিয়ামের নাম রাখব না। আরবাব নিয়াজ প্রদেশের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন।’
একসময় স্টেডিয়ামটির নাম ছিল আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়াম। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রাদেশিক মন্ত্রিসভা এর নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম রাখার অনুমোদন দেয়। পরে ওই বছরের এপ্রিলে স্টেডিয়ামটির পুনর্নির্মাণকাজের সময় নতুন নাম ব্যবহার শুরু হয়।
তবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নেয়নি প্রয়াত আরবাব নিয়াজ মুহাম্মদের পরিবার। এ নিয়ে পরিবারের সদস্যরা আপত্তি জানানোর পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ২০২৬ সালের মার্চে নাম পরিবর্তনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পেশোয়ার হাইকোর্টে একটি আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাদেশিক সরকারের কাছে জবাব চেয়েছিলেন আদালত।
১৯৮৪ সালে নির্মিত এই স্টেডিয়ামে একসময় আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসত। পাকিস্তান ও ভারতের মধ্যকার ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে এখানে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি পেশোয়ারের এই মাঠে।


