...|...|...

খেলা

গোলকিপারদের আক্ষেপ, ব্যালন ডি’অর নিয়ে বিস্ফোরক মন্তব্য কোর্তোয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
গোলকিপারদের আক্ষেপ, ব্যালন ডি’অর নিয়ে বিস্ফোরক মন্তব্য কোর্তোয়ার

কোর্তোয়া। ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরস্কারে গোলকিপারদের যথাযথ মূল্যায়ন করা হয় না বলে মনে করেন থিবো কোর্তোয়া। দুর্দান্ত পারফরম্যান্স করেও এই পজিশনের খেলোয়াড়দের ভোটের দৌড়ে পিছিয়ে থাকতে হয়। ২০২২ সালে নিজের অবস্থান আরও ভালো হওয়া উচিত ছিল বলে মনে করেন রিয়াল মাদ্রিদের এই বেলজিয়ান গোলরক্ষক।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যালন ডি’অরে গোলকিপারদের স্বীকৃতি পাওয়ার সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন কোর্তোয়া। এ সময় নিজের ২০২২ সালের পারফরম্যান্স ও ব্যালন ডি’অরের ভোটের অভিজ্ঞতা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, একজন গোলকিপারকে এই পুরস্কার জিততে হলে ঠিক কেমন মৌসুম কাটাতে হবে।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একজন গোলরক্ষকই শিরোপাটি জিতেছেন। ১৯৬৩ সালে এই কীর্তি গড়েছিলেন সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াশিন। গোলকিপারদের জন্য এই স্বীকৃতি পাওয়া যে কতটা কঠিন, নিজের অভিজ্ঞতা থেকেই তা বোঝানোর চেষ্টা করেছেন কোর্তোয়া।

২০২২ সালে ব্যালন ডি’অরের ভোটে করিম বেনজেমা শীর্ষস্থান অর্জন করেন। সেবার রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা কোর্তোয়া মনে করেন, তার অবস্থান আরও ভালো হওয়া উচিত ছিল।

এ প্রসঙ্গে কোর্তোয়া বলেন, ‘আমার মনে হয় ২০২২ সালে আমার অবস্থান আরও ওপরে হওয়া উচিত ছিল। করিম পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু আমার অবস্থান আরও ভালো হওয়া উচিত ছিল বলেই মনে করি। আমরা দুর্দান্ত পারফর্ম করতে পারি, কিন্তু শেষ মুহূর্তে এমবাপে হয়তো গোল করে বসবে আর মানুষের সেটাই মনে থাকবে।’

গোলকিপারদের পারফরম্যান্স মূল্যায়নের ক্ষেত্রে এই সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘এটা কঠিন, আমি তা বুঝি; কিন্তু ব্যালন ডি’অর জিততে একজন গোলকিপারকে ঠিক কেমন মৌসুম কাটাতে হবে, তা আমার জানা নেই। ব্যালন ডি’অরের তালিকায় আরও ভালো অবস্থানে শেষ করার যোগ্যতা কিছু গোলকিপারের রয়েছে।’

এদিকে সাক্ষাৎকারে সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের সাম্প্রতিক ফর্ম ও তাকে ঘিরে চলা সমালোচনা নিয়েও কথা বলেন কোর্তোয়া। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি নিয়ে আলোচনা হলেও তার পাশে দাঁড়িয়েছেন রিয়াল গোলরক্ষক।

কোর্তোয়ার মতে, ফুটবলে সব সময় একই মানের পারফরম্যান্স ধরে রাখা অত্যন্ত কঠিন। এমনকি ধারাবাহিকতার প্রশ্নে কেবল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকেই ব্যতিক্রম হিসেবে দেখা যায়। ভিনিসিয়ুসের মতো খেলোয়াড়ের কাছ থেকেও প্রতিটি ম্যাচে নিখুঁত পারফরম্যান্স প্রত্যাশা করা বাস্তবসম্মত নয় বলেই মনে করেন তিনি।